হতাশার অন্ধকারে দুই ভাই by মনির হায়দার

Monday, January 27, 2014

তিনি এখনও দলের চেয়ারম্যান। আছেন সংসদেও। দৃশ্যত নিজের ইচ্ছার বিরুদ্ধেই বিজয়ী করে আনা হয় তাকে। তাই বলা হয়েছিল, তিনি শপথ নেবেন না। কিন্তু দেখা গেলো, শপথ নিয়েছেন।
যদিও স্পিকারের সামনে তিনি হাজির হয়েছিলেন মলিন চেহারায়। নতুন সরকার গঠনের পর তাকে করা হলো প্রধানমন্ত্রীর বিশেষ দূত। দেয়া হলো মন্ত্রীর মর্যাদা। তিনি  জানালেন, আমি খুশি হয়েছি। তবে যেহেতু দেশের রাষ্ট্রপতি ছিলাম, তাই মন্ত্রীর মর্যাদা আমার জন্য বেমানান। অতএব, এ দায়িত্ব আমি নিচ্ছি না। কিন্তু এখানেও দৃশ্যত তার ইচ্ছার পরাজয়। হঠাৎ দেখা গেল, গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে আদালতে গেলেন তিনি। তাই সর্বত্র প্রশ্ন জাগলো তার পদমর্যাদা নিয়ে। তারপর নিজেই জানালেন, মন্ত্রীর মর্যাদায় বিশেষ দূতের পদটি তিনি গ্রহণ করেছেন।

এভাবেই একের পর এক অসহায় আত্মসমর্পণ চলছে একদার দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসকের। এমনকি নিজ ঘরেই এখন নিদারুণভাবে পরবাসী তিনি। দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদে পদে যেমন তার ইচ্ছার পরাজয় ঘটছে, তেমনি ন্যূনতম গুরুত্ব নেই অর্ধশতাব্দীকালের জীবন সঙ্গিনীর কাছেও। সব মিলিয়ে পড়ন্ত বেলায় ভাগ্য বিপর্যয়ের চূড়ান্ত ধাপে তিনি। নিজের দুর্ভাগ্যের সূতোয় বেঁধে নিয়েছেন আপন ভাইকেও। সে কারণে দুই ভাইয়ের এখন দুঃখের কোন সীমা নেই।
ওয়াকিবহালরা জানান, বিরোধী দলের বর্জনের মুখে একতরফা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে কোন চালাকি ছিল না। দুই ভাই মিলেই সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। যত চাপই আসুক, নির্বাচনের বাইরে থাকবে তাদের দল। অথচ ছোট ভাই বরাবরই ছিলেন এখনকার ক্ষমতাসীনদের কাছের মানুষ। নিজের দলকে এই পক্ষে রাখতে সব সময়ই বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। এ জন্য দলের বড় অংশের কাছে অনেক নিন্দিতও হয়েছেন তিনি। তবুও ওদিকেই টেনেছেন সব সময়। কিন্তু পাঁচ বছরের মন্ত্রিত্বের অভিজ্ঞতা তার মধুর নয়। বরং নানা রকম তিক্ততায় পূর্ণ ছিল। আর সে কারণেই চিন্তায় পরিবর্তন। স্বাভাবিকভাবেই পরিবর্তনটা পছন্দ হয়নি পুরনো বন্ধুদের। সুতরাং শুরু হয় নতুন গেম প্ল্যানের বাস্তবায়ন পর্ব।
মেধাবী ছোট ভাইয়ের সততা, যোগ্যতা ও দক্ষতার ওপর বিশেষ আস্থা ছিল বড় ভাইয়ের। আর সে কারণেই নিজের উত্তরসূরি হিসেবে ক্রমশ দৃশ্যপটে টানছিলেন তাকে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আগের মন্ত্রিসভায় সুযোগ করে দেন তাকে। এ নিয়ে দলের কয়েক নেতা পুড়ছিল হিংসায়। টানা পাঁচ বছর ধরে তারা জ্বলতে থাকেন বিরামহীন ঈর্ষার আগুনে। তাতে নতুন করে ঘি পড়ে এবারের নির্বাচনকে ঘিরে। তারা দু’জনই চট্টগ্রামের কৃতী সন্তান। সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে হাজির হন সাবেক ফার্স্ট লেডির কাছে। বিশেষ আন্তরিকতার সঙ্গে জানালেন, ম্যাডাম আমরা তো চাই স্যারের পর আপনিই হবেন দলের প্রধান। কিন্তু ঘটনা চলে যাচ্ছে অন্যদিকে। স্যার ঠিক করে ফেলেছেন তার উত্তরসূরি। নিজের ভাইকেই তিনি বসাবেন ওখানে। তারপর যা ঘটলো, তা হার মানায় বাংলা চলচ্চিত্রের কাহিনীকেও। রীতিমতো জ্বলে উঠলেন সাবেক ফার্স্ট লেডি। বললেন, এটা কিছুতেই হতে দেয়া যায় না। কৌশল ঠিক করার নির্দেশ দিলেন ওই দুই নেতাকে। কৌশল আগেই ঠিক করা ছিল। কেবল সেটা জানালেন ম্যাডামকে। তিনি তো এক কথায়ই রাজি। তারপর শুরু হলো বাস্তবায়নের পর্ব। দলের চেয়ারম্যান হিসেবে সকল প্রার্থীকে নির্দেশ দিলেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে। তাতে সাড়া দেন বেশির ভাগ প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন নেতা এবং তার ছোট ভাই। কিন্তু এবার গোল বাধায় স্বয়ং নির্বাচন কমিশন। নানা ছুঁতায় গ্রহণ করা হয়নি বেশ কয়েকটি মনোনয়ন প্রত্যাহারের আবেদন। নেতা ও তার ভাইয়ের আবেদনও অগ্রাহ্য করা হয়। সুতরাং ইচ্ছার বাইরেই তারা রয়ে যান নির্বাচনে। এভাবে নতুন এক নজির সৃষ্টি করে নির্বাচন কমিশন।
এরই মধ্যে ঘটলো অন্য ঘটনা। রাতের আঁধারে হঠাৎ করেই নেতাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কাছের লোকজন কিংবা ভাইবোন কেউই জানলো না তার অসুস্থতার কথা। জানলো কেবল রাষ্ট্র। আর তাই সবকিছু হলো শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনায়। নির্বাচনকেন্দ্রিক নানা নাটকীয়তার পুরোটা সময় তিনি সেখানেই ছিলেন। অবশ্য এটা ছিল তার পুরনো ঠিকানা। সে কারণে সাধারণ নেতাকর্মীদের দেখা-সাক্ষাতের কোন সুযোগ ছিল না। এই সুযোগে তার নামে আসতে শুরু করলো নানা কিসিমের বক্তব্য। এক উপদেষ্টা সংবাদ ব্রিফিং করে জানালেন, নেতা স্বেচ্ছায় হাসপাতালে যাননি। তাকে সেখানে আটক রাখা হয়েছে। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল আছেন। একই কথা জানালেন নেতার ছোট ভাইও। বললেন, আমরা নির্বাচনে নেই। আমাদেরকে জোর করে নির্বাচনে রাখার চেষ্টা চলছে। এসব কথার বিপরীতে কিছুটা রাখঢাকের কৌশল গ্রহণ করে সাবেক ফার্স্টলেডির পক্ষ। মিডিয়াকে আড়ালে রেখেই নির্বাচনের সব রকম প্রস্তুতি চলে এই পক্ষে। এভাবেই চলে আসে নির্বাচনের দিন। নজিরবিহীন বর্জনের মধ্যে সারা দেশে অনুষ্ঠিত হয় ভোট। সেই ভোটে জিতে যান ফার্স্ট লেডির অনুসারীরা প্রায় সকলে। কৌশলগত কারণে জিতিয়ে আনা হয় নেতাকেও। শুধু পরিকল্পনামাফিক হারিয়ে দেয়া হয় সাবেক ফার্স্ট লেডির দেবরকে। তবে হেরে গিয়েও তিনি জিতে যান অন্যভাবে। সেদিনের নির্বাচনে সারা দেশে মোট ৪৩টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এর মধ্যে ২৭টি কেন্দ্র ছিল তার নির্বাচনী এলাকায়। কিন্তু এই জেতায় কোন ফল নেই। ষড়যন্ত্রের পুরো অংশ যখন বুঝতে পারেন, ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি পর্যালোচনায় বসলেন দুই ভাই। নতুন কিছু কৌশলও ঠিক করলেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। পাওয়ার পলিটিকসের ঝানু প্লেয়ার হিসেবে পরিচিত এই নেতা কঠিন প্রতিশোধের শিকার হলেন অর্ধশতাব্দীরও অধিককালের সঙ্গিনীর কাছ থেকে। দলের ভেতরে-বাইরে তার কোন কথাই এখন আর হালে পানি পাচ্ছে না। সংরক্ষিত আসনে এমপি পদে নিজের পছন্দের কাউকেই জায়গা দিতে পারেননি তিনি। এমনকি ষড়যন্ত্রের লক্ষ্যকেন্দ্রে থাকা আপন ছোট ভাইয়ের স্ত্রীকেও নয়। অগত্যা ভীতি-হতাশার অন্ধকারেই নিজেকে বিলিয়ে দিয়ে বাঁচতে চাইছেন মামলার জালে বন্দি এই রাজনীতিক। আর সবকিছু থেকে নিজেকে আড়ালে রাখতে আপাতত দেশের বাইরে গেছেন তার ছোট ভাই।

দলের অস্তিত্ব নিয়েই চিন্তিত ক্ষমতাহীন এরশাদ

Sunday, January 26, 2014

চরম বেকায়দায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনে উভয়কুল রক্ষার কৌশল নিয়ে এখন তিনি তার দলের অস্তিত্ব নিয়েই চিন্তিত।
নির্বাচনের আগেই একদফা ভাঙনের পর তিনি যে কৌশল নিয়েছিলেন নির্বাচনের পর তা তার জন্য বড় বিপদ ডেকে এনেছে। এখন তিনি নিজ দলেও ক্ষমতাহীন। স্ত্রী রওশন এরশাদ বিরোধী দলের নেতা হওয়ার পর দলীয় মন্ত্রী ও এমপিরা এখন রওশনের পাশে। দলের সংসদীয় দলের বৈঠক হচ্ছে রওশনের নেতৃত্বে। রওশনের নেতৃত্বে স্মৃতিসৌধে ফুল দেয়া হয়েছে এরশাদকে ছাড়াই। এদিকে নির্বাচনের আগে এরশাদের বর্জনের ঘোষণা দেয়ার পর যেসব প্রার্থী সরে দাঁড়িয়ে ছিলেন তারাও ক্ষোভ আর অভিমান নিয়ে এরশাদ থেকে দূরে। এ নেতারাও এখন এরশাদকে বিশ্বাস করতে পারছেন না। দলের মধ্যে এমন অস্বস্তিকর অবস্থার মধ্যেই এরশাদের সামনে হাজির হয়েছে আরেক পরীক্ষা। মঞ্জুর হত্যা মামলার খড়্‌গ তার মাথার ওপর। মামলার রায়ের তারিখ নির্ধারণ করার পরের দিন এরশাদ বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সহযোগী হওয়ার ঘোষণা দেন। তার এ বিবৃতি দেয়ার পর অনুগত নেতাকর্মীরাই বলছেন, এরশাদ চরম এক অস্বস্তিকর সময় পার করছেন। দলে যেমন তার নিয়ন্ত্রণ নেই, তেমনি রাজনৈতিক অঙ্গনেও তিনি আস্থাহীন। সর্বশেষ সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে নিজের ক্ষমতা নিয়ে দলেই প্রশ্নের মুখে পড়েছেন। এ বিষয়ে কর্তৃত্ব চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ। যদিও মনোনয়নপত্র বিক্রি ও প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন এরশাদ। এরপর নিজের পছন্দের প্রার্থীদের একটি তালিকাও করেছিলেন। এরশাদের বোন, ভাই জিএম কাদেরের স্ত্রীসহ এরশাদের পছন্দের ৬ প্রার্থীর নাম কোন কোন গণমাধ্যমে ছাপাও হয়েছে। কিন্তু এ তালিকা প্রকাশের পর রওশন এরশাদ ও দলীয় এমপিরা আপত্তি তোলেন। তারা এরশাদ ঘনিষ্ঠ প্রার্থীদের এমপি করার বিপক্ষে মত দেন। এ নিয়ে রওশন এরশাদের বিরোধিতার মুখে চূড়ান্তভাবে প্রার্থীদের নাম প্রকাশ থেকে বিরত থাকেন এরশাদ। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, এরশাদ ও রওশন এরশাদ পরামর্শক্রমে প্রার্থী ঠিক করবেন। দলে কোন দ্বন্দ্ব নেই এবং সংসদ অধিবেশন শুরু হলে জাতীয় পার্টি নিয়ে সব ধরনের বিভ্রান্তি কেটে যাবে। এদিকে মহাসচিব এমন দাবি করলেও নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টিতে চলছে চরম অস্থিরতা। নির্বাচনের আগেই এরশাদকে বহিষ্কারের ঘোষণা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ এরশাদের নেতৃত্ব ত্যাগের ঘোষণা দেন। প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহকে মহাসচিব করে তিনি জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। গতকাল রাতে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দিয়েছে। কাজী জাফরের জাতীয় পার্টিতে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য যুক্ত হয়েছেন। এ ছাড়া এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানো আরও কয়েকজন নেতা কাজী জাফরের জাতীয় পার্টিতে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে নির্বাচনের পরে এরশাদের নেতৃত্বে থাকা জাতীয় পার্টিতেও চরম বিভক্তি দেখা দিয়েছে। সরকারি সুবিধা নেয়া নিয়ে সংসদ সদস্যরা রওশন এরশাদকে ঘিরে ক্ষমতার বলয় তৈরি করেন। এ ক্ষেত্রে দূরে রাখা হয় এরশাদকে। এরশাদকে ক্ষমতাহীন করার কৌশলের অংশ হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে এমপি হিসেবে সংসদে নেয়া হয়নি। দলের নেতাদের মধ্যে যে প্রক্রিয়ায় এরশাদকে বিজয়ী করা হয়েছে একই প্রক্রিয়ায় জিএম কাদেরকে হারিয়ে দেয়া হয়েছে। এরশাদের আদেশ-নির্দেশমতো কাজ করায় জিএম কাদের এখন রওশনপন্থি নেতাদের অপছন্দ। এদিকে এরশাদ ও তার অনুগত নেতারা কোণঠাসা হয়ে পড়ায় তৃণমূলের কর্মীরাও হতাশ। দিকভ্রান্ত অবস্থানে আছেন তারা। এ অবস্থার মধ্যেই উপজেলা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন এরশাদ। একই সঙ্গে বলা হয় নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন দেয়া হবে। কিন্তু এই একক প্রার্থী কারা ঠিক করবে এ সম্পর্কে এ পর্যন্ত স্পষ্ট কোন নির্দেশনা পাননি জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। রওশন এরশাদ দলীয় এমপিরা চাইছেন তাদের অনুগত নেতাদের উপজেলা নির্বাচনে প্রার্থী করতে। অন্যদিকে এরশাদের অনুগত নেতারা চাইছেন পার্টির চেয়ারম্যানের সমর্থন নিয়ে নির্বাচন করতে। এমন টানাপড়েনের মধ্যে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীরা নিজেদের মতো করে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। দলের নেতাকর্মীদের মতে, দলের এমন অগোছালো অবস্থায় উপজেলা নির্বাচনে অংশ নিলে তেমন সুবিধা করতে পারবেন দল সমর্থিত প্রার্থীরা। একই সঙ্গে সুবিধাজনক উপজেলায় একাধিক প্রার্থী থাকায় তাদের জয়ের সম্ভাবনাও কমে যাবে।

প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবেন এরশাদ

Thursday, January 23, 2014

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ার পর বিবৃতি দিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, দূত হিসেবে বিশেষ কোন সুবিধা নিতে চান না তিনি। একজন সংসদ সদস্য হিসেবে প্রাপ্য সুবিধা নিয়েই তিনি দায়িত্ব পালন করবেন। মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করার পর বৃহস্পতিবার দীর্ঘ বিবৃতি পাঠিয়েছেন এরশাদ । এতে তিনি বলেন, বিগত দিনের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে সম্ভাবনাময় বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর একটি গুরু দায়িত্ব অর্পণ করেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। অতীতের যত গ¬ানি ভুলে গিয়ে গৌরবময় অধ্যায়কে পথ ও পাথেয় হিসাবে ধরে নিয়ে আমাদের আগামী দিনের পথ চলা শুরু করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই চলার পথে আমাকে যে সহযাত্রীরূপে সাথে নিয়েছেন- আমি তার মর্যাদা রক্ষা করতে সদা সচেষ্ট থাকবো। জাতির স্বার্থে এবং দেশের ভাবমূর্তি সমুন্নুত রাখার জন্য আমি নিবেদিতভাবে কাজ করে যাবার চেষ্টা করবো।

এরশাদ বলেন, রাজনৈতিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে দেশের ভাবমূর্তির বিরাট ক্ষতি হয়েছে। জনশক্তি রপ্তানি, তৈরী পোশাক শিল্প খাত, বিদেশী বিনিয়োগ, বাংলাদেশের উপর বহিঃর্বিশ্বের আস্থাÑ ইত্যাদি ক্ষেত্রে আমরা হুমকির মুখে পড়েছি। বিগত সরকার আমলের ব্যাপক অগ্রগতি ও উন্নয়ন কর্মকান্ডের পরেও রাজনৈতিক অস্থিরতার জন্য জনগণের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়। আমার বিশ্বাস অচিরেই সেই হতাশা কেটে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আমার প্রথম এবং প্রধান কাজ হবে একটি আধুনিক মুসলিম প্রধান গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সু-মহান ভাবমূর্তি বিশ্ব দরবারে পেঁৗঁছে দেওয়া। বাংলাদেশ এমন একটি মুসলিম প্রধান দেশ যার প্রতিবেশী কোন মুসলিম দেশ নেই। আমাদের দেশ এগিয়ে চলছে একটি স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। আমরা শিক্ষা, দীক্ষা ও সংস্কৃতিতে দ্রুত অগ্রসর হচ্ছি। আমরা অসম্প্রাদায়িক চেতনায় উদ্বুদ্ধ একটি জাতি। বিশ্ববাসীর কাছে আমাদের এই ঐতিহ্য তুলে ধরতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিশাল বাজার ছিল মধ্যপ্রাচ্যে। সেই বাজার প্রায় হারিয়ে গেছে। আমার শাসনামলে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ছিল। সেখানে আমার ব্যাক্তিগত সম্পর্কও কূটনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে ভূমিকা রেখেছে। আমার বিশ্বাস এবং আস্থাÑ সেই সম্পর্ককে আবার ফিরিয়ে আনতে পারবো। তার ফলে জনশক্তির বাজার ফিরে পাবো।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অস্থিরতা, সংঘাত এবং হানাহানির কারণে আমাদের অনেক অর্জন চাপা পড়ে যাচ্ছে। দেশে স্থিতিশীলতা বজায় থাকলে আমাদের প্রবৃদ্ধির হার ৬ থেকে এতোদিনে দুই অংকের কোটায় পৌঁছে যেতো। বাংলাদেশকে আর তলাবিহীন ঝুড়ি বলার সুযোগ নেই। বাংলাদেশের অবস্থান নেক্সটÑইলাভেন থেকে ফ্রন্টিয়ার- ফাইভ এ উন্নিত হয়েছে। তৈরী পোশাক রপ্তানির হার বৃদ্ধি পেয়েছে। শান্তি মিশনে আমাদের  সেনাবাহিনীর অংশগ্রহণ বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্নতা এসেছে। খাদ্য রপ্তানিও হচ্ছে। মানুষের মাথা-পিছু আয় বেড়েছে। দারিদ্রের হার কমেছে। এখন কোনো মানুষকে আর না খেয়ে থাকতে  হয়না। শিক্ষার হার ও মান বেড়েছে। এইসব অগ্রসরমান বিষয়গুলো জাতীয়ভাবে যেমন প্রচারে আসছেনা তেমনিÑ বহিঃর্বিশ্বেও জানছে না। অপরদিকে অপপ্রচার ও সংঘাতের রাজনীতির কারণে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছে। দেশের বৃহৎ রপ্তানিখাত তৈরী পোশাক শিল্প এখন সংকটের মুখে। এই মুহুর্তে এফডিআই ক্রমহ্রাসমান অবস্থায় চলছে। এখানে আমার একান্ত চেষ্টা থাকবেÑ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরে বিদেশী বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এফডিআই বৃদ্ধি করা। বিদেশী বিনিয়োগের দিক থেকে আমরা মধ্যপ্রাচ্যকে লক্ষ্য নির্ধারণ করতে পারি। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ ইপিজেড প্রতিষ্ঠার জন্য আমার প্রস্তাব থাকবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার রোধ, জনস্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে যে দেশটি বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই দেশকে এখন রাজনৈতিক সংঘাতের কারণে ইমেজ সংকটে ভুগতে হচ্ছে। কিছু পশ্চিমা মিডিয়া বাংলাদেশের নেতিবাচক বিষয়ের উপরে অধিকতর আলোকপাত করে আমাদের ইমেজ ক্ষুণœ করছে। কোন কোন মহল বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলেও অপপ্রচার চালানোর চেষ্টা করছেÑ যা কখনই এদেশে হবেনা। অপপ্রচারের কবলে পড়েও দেশের ভাবমূর্তি অনেক ক্ষুণœ হয়েছে।

এরশাদ বলেন, আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে নিজে কোন ব্যাক্তিগত সুযোগ-সুবিধা চাচ্ছিনা। আমার সরকারী বাড়ি-গাড়িরও প্রয়োজন নেই। একজন সংসদ সদস্য হিসেবে যেটুকু সুযোগ-সুবিধা আমার প্রাপ্য সেটুকু ভোগ করেই আমি বিশেষ দূতের দায়িত্ব পালন করে যেতে চাই। আমি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মন-মানসিকতা, উদার ধর্মীয় মনোভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। আমি বিশ্ববাসীকে জানাতে চাই- বাংলাদেশ একটি জঙ্গিবাদমুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত এবং রাজনৈতিক হানাহানিমুক্ত একটি দেশ। আমি মনে করি, বাংলাদেশকে একটি আধুনিক মুসলিম প্রধান গণতান্ত্রিক এবং শান্তি প্রিয়, নিরাপদ, ও সহনশীল জাতিগোষ্ঠির দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে পারলে আমাদের জনশক্তি রপ্তানি বাড়বে, এফডিআই বাড়বে এবং দেশের অথনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। আমি সৈনিক হিসেবে দেশের স্বার্থে সবসময় যুদ্ধ করতে প্রস্তুত ছিলাম এবং এখনও দেশের অর্থনৈতিক ও জনগণের বৃহত্তর স্বার্থে আমার দায়িত্ব পালন করে যেতে পারবো। আমি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন আর আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশ-জাতির কল্যাণ এবং মঙ্গল সাধনই আমার জীবনের একান্ত কাম্য ও লক্ষ্য।

সহসাই ফের বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে : হুসেইন মুহম্মদ এরশাদ

Monday, January 20, 2014

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র প্রত্যাশীদের উদ্দেশে বলেছেন, সহসাই ফের বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
একই সঙ্গে উপজেলা নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে। উপজেলা নির্বাচনে আর কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল সংরক্ষিত মহিলা আসনে আগ্রহীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে গতকাল উপজেলা নির্বাচনে দলগতভাবে প্রার্থী মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এক্ষেত্রে পার্টির তহবিলে টাকা জমা দিয়ে ফরম কেনার জন্য মনোনয়নপ্রত্যাশীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। যদিও স্থানীয় সরকার নির্বাচন হিসেবে উপজেলায় দলীয় প্রার্থী মনোনয়নের সুযোগ নেই গণপ্রতিনিধিত্ব আদেশে। সকাল ১১টায়  বনানী কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেয়ার কথা থাকলেও তা নেয়া হয়নি। এ সময় গণমাধ্যম কর্মীদেরও প্রধান ফটকের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। আর এমপি প্রার্থীদের সঙ্গেও আলাদা করে কোন কথা বলেননি পার্টি চেয়ারম্যান এরশাদ। দিয়েছেন কিছু দিকনির্দেশনা। বলেছেন- এটাই শেষ নির্বাচন নয়। আবারও নির্বাচন হবে। যারা মহিলা এমপি হতে পারবেন না তাদেরকে উপজেলা নির্বাচনে চেষ্টা করার পরামর্শ দেন এরশাদ। সাক্ষাৎকার না নিয়ে তাদের বিদায় দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মহিলা পার্টির নেত্রীরা। মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদীয় দলের নেতা রওশন এরশাদের সঙ্গে সমন্বয় করে দু’একদিনের মধ্যেই নির্বাচন কমিশনে প্রার্থীদের নামের তালিকা পাঠানো হবে। এ প্রসঙ্গে জাপার মহিলা নেত্রীরা জানান, আমাদের সকাল ১০টার মধ্যে বনানী কার্যালয়ে আসতে বলা হয়েছিল। এরশাদ সাহেব ১১টার দিকে এলেও তিনি আমাদের সাক্ষাৎকার নেননি। আমাদের কনফারেন্স রুমে বসিয়ে  জাতীয় ও উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় মহিলা পার্টির সিনিয়র সহ-সভাপতি রিতু নূর বলেন, আমাদের এমপি করা হবে না এ জন্য আমাদের সাক্ষাৎকার নেয়া হয়নি। আমরা আশঙ্কা করছি অন্য কোনভাবে বা অন্য কিছুর বিনিময়ে সুসময়ের পাখিদের এমপি করা হচ্ছে। এবার যদি তা করা হয় তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তিনি বলেন, পার্টি চেয়ারম্যানের জন্য ১ বছরের ছেলে নিয়ে জেল খেটেছি। যার জন্য জীবন-যৌবন শেষ করলাম তিনি এখন আর আমাদের চেনেন না।

জাতীয় মহিলা পার্টির রাজশাহী মহানগরীর সভাপতি বেগম সফুরা সরকার বলেন, আমরা মাঠে কাজ করি। টাকাও নেই। এখানে অনেকে এসেছেন তাদের আমরা জীবনেও দেখিনি। তারা মেকআপ পার্টি। মাঠে কাজ করলে এত সাজার সময় থাকে না। মহিলা পার্টির যুগ্ম সম্পাদক শিরীন চৌধুরী রীতা বলেন, জাপায় এখন আর প্রকৃত নেতা-নেত্রীর মূল্যায়ন নেই। তবে স্যার বলেছেন এটাই শেষ নির্বাচন নয়। জাতীয় মহিলা পার্টির গাজীপুর মহানগরীর সম্পাদক রোকসানা পারভীন বলেন, স্যার বলেছেন সহসাই আরেকটি নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। এ বিষয়ে সাংবাদিকদের দুপুর ১২টার দিকে জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, একটি বড় দলে মনোনয়নের সিদ্ধান্ত নিতে গেলে অনেক কথাই আসে। এটাই স্বাভাবিক। প্রার্থীদের টাকার বিনিময়ে এমপি করা হচ্ছে এমন প্রশ্নে রুহুল আমিন হাওলাদার বলেন,  অনেক কথাই আসবে। তবে তা সঠিক নয়। এবার বিশ্বস্ত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়ন  করা হবে। এরশাদ ও রওশন এরশাদের মধ্যে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের বিষয়ে জাপার মহাসচিব বলেন, এসব অভিযোগ সঠিক নয়। জাপা মহাসচিবের বক্তব্য শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এরশাদ বনানীর কার্যালয় ত্যাগ করেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। গত শুক্রবার থেকে জাপার সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।  রোববার পর্যন্ত ৬টি আসনের বিপরীতে ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
২২ ও ২৩শে জানুয়ারি জাতীয় পার্টির উপজেলা প্রার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ: এদিকে, উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে আগামী ২২ ও ২৩শে  জানুয়ারি  আবেদনপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টির ৬৬, কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করতে চেয়ারম্যান প্রার্থীর জন্য পার্টি তহবিলে তিন হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জন্য দুই হাজার টাকা করে পার্টি তহবিলে জমা দিতে হবে। ২৩শে জানুয়ারি বিকালেই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জাপার অফিস সূত্র জানিয়েছে।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু