বাগবোকে ক্ষমতা ছাড়তে হবে নইলে ইইউয়ের অবরোধ

Sunday, January 23, 2011

ইভরি কোস্টে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরাঁ বাগবোর ওপর আন্তর্জাতিক চাপবৃদ্ধি অব্যাহত রয়েছে। ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও বাগবো তাঁর অবস্থানে অনড় থাকায় দেশটিতে নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।

এই সপ্তাহের মধ্যেই আলেসান ওয়াতারার কাছে ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হলে বাগবো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর অবরোধের মুখে পড়বেন বলে জানিয়েছে ফ্রান্স। বাগবোর সমর্থকদের সঙ্গে প্রেসিডেন্ট পদের আরেক দাবিদার ওয়াতারার সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হওয়ার এক দিন পর গত শুক্রবার প্রধান শহর আবিদজানের রাস্তায় সেনাপুলিশের উপস্থিতি ব্যাপক বাড়ানো হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাগবোকে অবশ্যই এ সপ্তাহের মধ্যে সরে যেতে হবে। তা না হলে তাঁর ওপর ইইউ কঠোর অবরোধ আরোপ করবে। সারকোজি বলেন, 'বাগবো ও তাঁর স্ত্রীর ভাগ্য তাঁদের হাতেই নির্ভর করছে। জনগণের রায় লঙ্ঘন করে ক্ষমতা আঁকড়ে থাকা বাগবো এই সপ্তাহের মধ্যেই যদি প্রেসিডেন্টের কার্যালয় ত্যাগ না করেন, তবে ইইউর অবরোধের তালিকায় তাঁদের নাম উঠবে।'
ইউরোপীয় ইউনিয়নও অবরোধ আরোপের হুমকি দিয়ে আইভরি কোস্টের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন বাগবোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় এবং ওয়াতারার প্রতি আনুগত্য প্রকাশ করে। ব্রাসেলসে ইইউর সম্মেলন শেষে এক বিবৃতিতে বলা হয়, 'আইভরি কোস্টের সব রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর প্রতি ইইউ আহ্বান জানাচ্ছে, তারা যেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত ওয়াতারার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে।'
কেনিয়ার প্রধানমন্ত্রী রায়লা ওদিঙ্গা প্রয়োজন হলে বাগবোকে জোর করে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিকান জাতিগুলোর প্রতি। ওদিঙ্গা বলেন, 'আফ্রিকান ইউনিয়নের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।' এদিকে, দুুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার জন্য আফ্রিকান ইউনিয়নের এক সিনিয়র কর্মকর্তা জঁ্য পিং গত শুক্রবার আবিদজানে পেঁৗছেছেন।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, ইকোয়াসসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ২৮ নভেম্বরের নির্বাচনে ওয়াতারাকে বিজয়ী বলে সমর্থন দিয়ে আসছে।
প্রধান শহর আবিদজানে বন্দুকযুদ্ধে অন্তত ৩০ জন নিহত হওয়ার এক দিন পর ওয়াতারার সমর্থকরা জানিয়েছে, তারা রাজপথ থেকে সরছে না। সাংবাদিকরা জানান, আবিদজানের পরিস্থিতি আগের তুলনায় শান্ত। তবে বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সূত্র : বিবিসি, এপি।

ব্যাগবোকে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘের হুঁশিয়ারি

Wednesday, January 19, 2011

ইভরি কোস্টে প্রেসিডেন্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা ব্যাগবো ও অন্যান্য কর্মকর্তার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের উর্ধতন এক কর্মকর্তা।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিলাই জেনেভায় এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগতভাবে বাগবো ও অন্যান্য কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের জন্য ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন বলে চিঠি পাঠিয়ে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে।

ওদিকে নতুন বছর উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ক্ষমতা না ছাড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে ব্যাগবো বলেন, আইভোরিয়ানরা তাদের ভোটে আমাকে যে স্থান দিয়েছেন সেখানে আমি থাকবো। আমরা হার মানবো না।

গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে জাতিসংঘ সমর্থিত নিরপেক্ষ নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ব্যাগবো।

ওয়াত্তারার কোছে ক্ষমতা হস্তান্তরের জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট ইকোওয়াস বার বার আহ্বান জানিয়ে আসলেও তা নাকচ করছেন ব্যাগবো।

আইভরি কোস্টে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর চলছে হত্যা, নির্যাতন, আটক ও দমন-পীড়ন। জাতিসংঘের তথ্যমতে, নির্বাচনের পর সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ২০০ জনের মৃতু্য হয়েছে। গৃহযুদ্ধের মুখে পড়ার ভয়ে দেশ ছেড়ে প্রতিবেশী লাইবেরিয়ায় পালিয়ে গেছে অসংখ্য মানুষ।

পিলাই বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের কর্মকাণ্ডের ফলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যক্তিগতভাবে তারা দায়ী থাকবেন এবং বিচারের মুখোমুখি হবেন_এ বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে। জাতিসংঘের এ হুঁশিয়ারি বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ব্যাগবোর এক মুখপাত্র।

আইভরি কোস্টে জাতিসংঘের গাড়িতে আগুন দিল বাগবোর সমর্থকেরা

Saturday, January 15, 2011

ইভরি কোস্টের স্বঘোষিত প্রেসিডেন্ট লরা বাগবোর সমর্থকেরা গত বৃহস্পতিবার রাজধানী আবিদজানে জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে বাগবোর ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ হামলা চালানো হলো।

হামলার ঘটনায় ওয়াশিংটন ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে কঠোর নিন্দা জানানো হয়। জাতিসংঘ জানায়, বাগবো বাহিনীর এ আগ্রাসন যুদ্ধাপরাধের শামিল। গত বছরের ২৮ ডিসেম্বর আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাগবো ও বিরোধী নেতা আলাসেন ওয়াতারা উভয়েই নিজেদের বিজয়ী বলে দাবি করেন। তবে জাতিসংঘ ওয়াতারাকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সঙ্গে বাগবোর উত্তেজনা বাড়ছে।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন এক বিবৃতিতে জানান, মহাসচিব বান কি মুন আইভরি কোস্টের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বাগবোর অনুগত নিয়মিত-অনিয়মিত সেনা ও সমর্থকেরা জাতিসংঘের গাড়িতে হামলা চালাচ্ছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে।
গত বৃহস্পতিবার সকালের দিকে আবিদজানে এ রকম ছয়টি ঘটনা ঘটে। সেখানে জাতিসংঘ মিশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এমনকি আবিদজানে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন।
আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘বাগবোর সমর্থকদের হামলায় জাতিসংঘের দুটি গাড়ি পুড়ে যায় এবং একটি অ্যাম্বুলেন্সসহ অন্য তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ওই অ্যাম্বুলেন্সে করে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছিল।’ বিবৃতিতে বলা হয়, ‘বাগবোর শিবির বর্তমানে জাতিসংঘ ও শান্তিরক্ষী বাহিনীর শত্রুশিবিরে পরিণত হয়েছে। আগে তারা মৌখিক অপপ্রচার চালাত। কিন্তু এখন সরাসরি হামলা চালাচ্ছে।’
আইভরি কোস্টে নিয়োজিত জাতিসংঘের কর্মকর্তা বলেন, পরিস্থিতি দিন দিন উসকানিমূলক হয়ে উঠছে। বাগবোর অনুসারী সেনারা তাঁদের কৌশল পাল্টে জনতাকে জাতিসংঘের সেনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। তাঁরা জনতাকে জাতিসংঘের গাড়িতে হামলা চালাতে উৎসাহিত করছেন।
জাতিসংঘের কর্মকর্তারা আরও জানান, জনতার ওপর গুলি চালাতে বাগবো জাতিসংঘের সেনাদের উসকানি দিচ্ছেন, যাতে দেশে জাতিসংঘের সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁরা দেশ ছাড়তে বাধ্য হন। রয়টার্স, এএফপি।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু